অনিমেষ আইচ অভিনয়, নাটক রচনা ও পরিচালনা তিনটি কাজই করছেন। তবে পরিচালনাই তার পেশা। নাটকের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্র পরিচালনা শুরু করেছেন তিনি। নির্মাতা অনিমেষ আইচের প্রথম ছবি ছিল ‘না মানুষ’। যদিও শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি। এরপর অনিমেষ আইচ পরিচালনা করেন তার দ্বিতীয় ছবি ‘জিরো ডিগ্রি’। এরপর তার নতুন ছবি ‘ভয়ঙ্কর সুন্দর’-এর কাজ শুরু করেন। ছবিটির শুটিং শেষ হয়েছে অনেক আগেই। ছবির ডাবিং, এডিটিংও শেষ হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা।
ছবিটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমাদের দেশের দর্শক এখন মৌলিক গল্প খোঁজেন। সেই জায়গা থেকে বলতে পারি, ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিটির গল্প দর্শকদের মনের মতো হবে। ছবিটির শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। আশা করছি দ্রুতই শেষ হবে সেসব কাজ। আসছে বছরের ফেব্রুয়ারি মাসে ভালো একটা সময় দেখে মুক্তি দেওয়ার কথা ভাবছি।’
এই ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত। এছাড়া এই ছবিটি দিয়েই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল ও অভিনেত্রী ভাবনার। ছবিতে পরমব্রতর বিপরীতে অভিনয় করছেন ভাবনা।
কেমন দেখলেন এই জুটিকে এমন প্রশ্নের জবাবে অনিমেষ বলেন, ‘একজন নির্মাতার জায়গা থেকে আমার মনে হয়েছে চলচ্চিত্রটির জন্য এই জুটি মানানসই। তারাও বেশ আন্তরিক হয়ে কাজ করেছেন। বাকিটা ছবি মুক্তি পাওয়ার পর দর্শকরাই বলবেন।’
ছবিটিতে এই জুটির পাশাপাশি অভিনয়ে আরো দেখা যাবে সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, দিহান, এ্যালেন শুভ্র, ফারুক আহমেদ ও লুত্ফর রহমান জর্জকে। ছবিতে থাকছে পাঁচটি গান। ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন ইমন সাহা। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও সরব নির্মাতা অনিমেষ। ছোটপর্দা নিয়েই প্রশ্ন তোলার আগেই জানিয়ে দিলেন বর্তমানে তার চিন্তা ভাবনার জায়গাজুড়ে কেবল রয়েছে ‘ভয়ঙ্কর সুন্দর’ চলচ্চিত্রটি।
