‘সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি’

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১১:২০
 
অভিনয়, মডেলিং, গান লেখা ও গাওয়ার পাশাপাশি তিনি একজন উন্নয়ন কর্মী। শেষের পরিচয়টা অনেকে না জানলেও তিনি নিজেকে উন্নয়ন কর্মী হিসেবেই আবিষ্কার করতে চান। বলছি রাফিয়াত রশীদ মিথিলার কথা। অফিসের কর্মব্যস্ত সময়ের ফাঁকে নিজের না বলা অনেক কথা জানিয়েছেন বিনোদন প্রতিদিনকে—
 
শোবিজে আপনার অবস্থান কি শুধুই সৌখিনতা?
আমি নিজেও অবাক হই এই ব্যাপারটি নিয়ে। সবাই ভাবেন আমি অভিনয়, মডেলিং, গান-বাজনা নিয়েই ব্যস্ত থাকি। আদতে কিন্তু তা না। আমি অনেকটা শখের বসে আর সময় মিলে গেলেই মিডিয়াতে নিয়মিত কাজ করি।
 
তাহলে আপনার পেশাগত অবস্থান সম্পর্কে কিছু বলবেন?
আমি ২০০৮ সালে থেকে ব্র্যাক ইন্টারন্যাশনালে কাজ করি। শুরুতে ছিলাম রিসার্সার। ২০১১ সাল থেকে কর্মরত আছি প্রোগ্রাম ম্যানেজার (এডুকেশন) হিসেবে। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি এখন। নিজেকে উন্নয়ন কর্মী (ডেভেলপমেন্ট ওয়ার্কার) ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
 
অভিনেত্রী মিথিলার ব্যস্ততা—
দুই ঈদ মিলিয়ে কাজ করেছি ৮-১০টি নাটক-টেলিফিল্মে। দশর্কদের ফিডব্যাক খুব ভালো ছিল। ক’দিন পর ভালোবাসা দিবসের জন্য মিজানুর রহমান আরিয়ানের ‘ভালোবাসার কাহিনি’ নাটকের শুটিং শুরু হবে। নাটকটিতে আমার বিপরীতে থাকছেন অপূর্ব। এর বাইরে আরো একটি নাটকে অভিনয়ের কথাবার্তা চলছে।
 
ছোটবেলায় গান শিখেছেন, অনেকগুলো গান গেয়েছেন, সলো অ্যালবাম করেননি কেন?
একটা সময় পরিকল্পনা ছিল অ্যালবাম করার। তাহসান ব্যস্ত থাকে, আবার দেখলাম আমারও সময় হয়ে ওঠে না। বেবি হওয়ার পর বিষয়টি আর মাথায়ই আসেনি।
 
আইরা তেহরীম খান মেয়েটিকে নিয়ে আপনার ব্যস্ততা কেমন কাটছে?
মেয়েটিকে ঘিরেই আমার এখন সারাদিনের ব্যস্ততা। বলতে গেলে প্রায় সব প্রশ্নের এক্সকিউস আমার এই মেয়েটিকে ঘিরেই থেমে যায়। ও ভালো থাকলেই আমি-তাহসান ভালো থাকি।
 
চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে নেই?
কয়েক বার আবদার এসেছিল। কিন্তু করা হয়নি। ভালো ও সুস্থধারার মার্জিত গল্প হলে, আর চরিত্রে অভিনয়ের পর্যাপ্ত সুযোগ থাকলে করেও ফেলতে পারি।
 
আপনার নাটকের ভাষাতেই বলি-ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম করেছেন?
হুম, তখন তো মোবাইল ফোন এতোটা সহজলভ্য ছিল না। ল্যান্ডফোনই ছিল ভরসা। ঘণ্টার পর ঘণ্টা কথা হতো তাহসানের সাথে। ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’ নামের একটি নাটকেও অভিনয় করেছি আমি আর তাহসান।
 
তাহসানের কোন গুণটিকে এগিয়ে রাখবেন?
তার পিয়ানো বাজানো অসম্ভব ভালো লাগে। কোন একটি পরিচয়কে এগিয়ে রাখতে হলে বলবো হাজব্যান্ড হিসেবে তাহসান অতুলনীয়। সংসার আর সন্তানের জন্য অনেক স্যাক্রিফাইস করে সে।