ঈশ্বর আমাকে গালমন্দ করতে নিষেধ করেছেন : দুতের্তে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৩:১৫
 
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেন, নিজের 'বিখ্যাত' বাজে কথা আর বলবেন না। জাপান সফর শেষে তার নিজ সহর দাবাওতে দুতের্তে এসব কথা বলেন। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরো বলেন, আকাশে থাকা অবস্থায় ঈশ্বর আমাকে বলেছেন, 'তুমি তোমার কুরুচিপূর্ণ কথা বলা বন্ধ কর, তা না হলে এখন তোমার প্লেন ধ্বংস করে দেয়া হবে'। তখন আমি এই প্রতিজ্ঞা করি।
 
দুতের্তে পশ্চিমাদের গালমন্দ করার জন্য নিজ দেশের জনগণের কাছে বেশ জনপ্রিয়। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাকে 'বেশ্যা পুত্র' বলে বেশ তোপের  মুখে পড়েন তিনি। ইউরোপীয় ইউনিয়নকে 'তথাকথিত সংগঠন' বলে আখ্যা দিয়েছিলেন এই ফিলিপাইনের প্রেসিডেন্ট। এক সময় জাতিসংঘ ছাড়ার হুমকিও দিয়েছেন তিনি। 'পানিশার' বা 'শাস্তি দাতা' নামে খ্যাত দুতের্তে নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করেন। তিনি জানান, আমার দেশের ৩ মিলিয়ন মাদকাসক্তদের মেরে ফেলতে পারলে আমি খুশি হতাম।
 
উল্লেখ্য, পুলিশ এবং নজরদারি কমিটির সদস্য দ্বারা হাজার হাজার কথিত মাদক বিক্রেতা এবং ব্যবহারকারীদের বিনা বিচারে হত্যা করায় বিশ্ব নেতাদের সমালোচনার মুখে পড়েন দুতের্তে।পরে তাদের সমালোচনার জবাব দিতে তিনি এমন খারাপ ভাষা ব্যবহার করা শুরু করেন।বিবিসি।
 
ইত্তেফাক/এমআর/আরএ