চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৮০ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নাম লেখান মিরাজ। সেই পাতায় নাম ছিলো বিশ্ব ক্রিকেটের অনেকেরই। নাম ছিলো বাংলাদেশের ছয়জন বোলারেরও। বাংলাদেশি সপ্তম বোলার হিসেবে অভিষেক টেস্টেই ৫ বা ততোধিক উইকেট নেয়ার রেকর্ড অন্যদের সাথে ভাগাভাগি করে নেন মিরাজ।
কিন্তু অভিষেকের পর প্রথম দুই টেস্টেই ৫ বা ততোধিক উইকেট নেয়ার তালিকায় একমাত্র অফ-স্পিনার এখন মিরাজ। ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও ৬ উইকেট নিয়ে এমন রেকর্ডের রাজত্বে এখন একাই রাজা মিরাজ। এমনকি প্রথম বাংলাদেশি হিসেবেও এমন অনন্য রেকর্ডের জন্ম দিলেন ১৯ বছর বয়সী মিরাজ। বাংলাদেশের কোন খেলোয়াড়ই আগে এমন কীর্তি নজির করতে পারেননি।
মিরাজের আগে বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন ছয়জন বোলার। এরা হলেন- নাইমুর রহমান দূর্জয়, মঞ্জরুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইলিয়াস সানি, সোহাগ গাজী ও তাইজুল ইসলাম। এরা সকলেই অভিষেক টেস্টে ৫ বা ততোধিক উইকেট নিয়েছিলেন। কিন্তু নিজেদের পরের টেস্টে কেউই ৫ বা ততোধিক উইকেট নিতে পারেননি।
মিরাজের আগে অভিষেকের পর টানা দুই টেস্টে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন বিশ্বের ২২ জন বোলার। তবে মিরাজের মত বিশ্বের আর কোন অফ-স্পিনারই অভিষেকের পর টানা দুই টেস্টে ৫ বা ততোধিক উইকেট নিতে পারেননি। তবে অভিষেকের পর প্রথম দুই টেস্টে দু’বার ৫ বা ততোধিক নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার সনি রামদিন। ১৯৫০ সালে অভিষেকের পর প্রথম টেস্টে না পারলেও, নিজের দ্বিতীয় টেস্টের দু’ইনিংসেই ৫ ও ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মিরাজ শিকার করেছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিষ্টার কুক, গ্যারি ব্যালেন্স, মঈন আলী, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস ও জাফর আনসারিকে।
ইত্তেফাক/এমএইচ
