সাংবিধানিকভাবে শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন : নাসিম

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২১:১৫
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও দেশে নির্বাচন হবে না। আর সাংবিধানিকভাবে শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 
শনিবার দিরাই উপজেলা সদরে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, সাহস থাকলে নির্বাচনে আসুন, আওয়ামী লীগ খালি মাঠে খেলতে চায় না, ফেয়ার নির্বাচন হলে আওয়ামী লীগেরই জয় হবে। 
 
তিনি বলেন, ১৪ সালের নির্বাচনে খালেদাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান করছিলেন, বেগম খালেদা জিয়া নির্বাচন বাদ দিয়ে হরতালের নামে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যায় নামলেন। সেই নির্বাচন না হলে দেশে মার্শাল’ল থাকতো, আজ এই উন্নয়ন হত না। 
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যেই দিরাই ও শাল্লায় ডাক্তার নার্স দেয়া হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষমতার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ হাওর বেষ্টিত এলাকায় আরও ৪টি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করা হবে।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির মদদে দেশে জঙ্গী উত্থান হয়েছিল, আজ শেখ হাসিনার কঠোর নেতৃত্বে জঙ্গী নির্মুলে আওয়ামী লীগসহ রাজনৈতিক, সামাজিক, ছাত্র শিক্ষক, সাংবাদিক, ইমাম ও পুরোহিতসহ দেশের মানুষ যখন একতাবদ্ধ, তখন খালেদা জিয়া জঙ্গী হত্যা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটসরকারে শাসনামলেই শায়েখ আবদুর রহমান, বাংলা ভাইসহ জঙ্গীবাদের উত্থান হয়।  
 
 
 
ইত্তেফাক/এমআই