পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধিত আইন ও রাঙ্গামাটিতে অনুষ্ঠিতব্য ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে রবিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
বাঙালিদের সংগঠন সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ, বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।
সকাল থেকে খাগড়াছড়ি শহরের প্রবেশমুখের কয়েকটি পয়েন্টে অবরোধের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং ও খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। শহরে টমটম-রিক্সা চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
দীঘিনালার সংবাদদাতা জানিয়েছেন, দীঘিনালায় সীমিত আকারে সকালে দোকান পাট খোলা রয়েছে। পিকেটারদারদের কারনে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
অবরোধের সমর্থনে খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীদের জামতলী, বাঙ্গালীপাড়া, বাস টারমিনাল এলাকায় দেখা গেলেও অন্য সংগঠনগুলোর তেমন কোন তত্পরতা নেই। এদিকে পুলিশ জানিয়েছে অবরোধকে কেন্দ্র করে উপজেলা জুড়ে গুরুত্বপূর্ণস্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে আজ রাঙ্গামাটি সার্কিট হাউসে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে প্রায় ১৬ হাজার আবেদনপত্র জমা পড়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হান্নান জানান, এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইত্তেফাক/এএসএস
