আফগানিস্তানে বালিকা বিদ্যালয় পুড়াল জঙ্গিরা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১০:৫৮
উত্তর আফগানিস্তানের এক স্কুল আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। কোনো জঙ্গি সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে পুলিশ বলছে, এটা তালেবান জঙ্গিদের কাজ।
 
স্থানীয় এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাত ১০ টা নাগাদ উত্তর জওজান প্রদেশের ওই স্কুলে ঢুকে নিরাপত্তারক্ষীদের মারধর করে কিছু সশস্ত্র জঙ্গি। এরপর তারা আগুন ধরিয়ে দেয় ওই স্কুলের চেয়ার, বই-পত্র, ক্লাসঘরে।
 
শুধু তাই নয়, কোনো মেয়ে যেন আর স্কুলে না আসে, সেই হুমকিও দিয়ে যায় তারা। ওই স্কুলে প্রায় ৫০০ জন ছাত্রী পড়াশুনা করেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
 
পুলিশের দাবি, এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে তালেবান। এর আগেও এমন জঘন্য কাজ করেছে তারা। নারীশিক্ষা বিরোধী এই জঙ্গি গোষ্ঠী আগেও বহু স্কুলে আগুন ধরিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
 
ইত্তেফাক/এএম