কন্ডিশনই দায়ী : কুক

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ০৮:৩৬
 
বাংলাদেশের স্পিন আক্রমণের কাছেই ম্যাচটা হেরেছে ইংল্যান্ড। অধিনায়ক অ্যালিস্টার কুকের ক্যারিয়ারে অন্যতম শোচনীয় হার এটি। মিরপুরে তিন দিনেই ইংল্যান্ডের এই হারের জন্য বাংলাদেশের কন্ডিশনে খেলার অনভিজ্ঞতাকেই দায়ী করেছেন অ্যালিস্টার কুক। বাংলাদেশের ১০৮ রানের জয়ে সিরিজটাও ১-১ এ শেষ হলো। ম্যাচে বাংলাদেশের স্পিনাররাই ইংল্যান্ডের ২০টি উইকেট নেন। দুই ইনিংসে মিরাজ একাই নিয়েছেন ১২টি উইকেট।
 
কুকের কাছে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ড অধিনায়ক হিসেবে এটিই সবচেয়ে কঠিন হার কিনা। জবাবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার আরো কঠিন সময় গেছে। আমি মনে করি ২৭০ রান খুব ভালো ছিল তাড়া করার জন্য। তারা আজ (রবিবার) ৩০ রান বেশি করেছে। আমরা ৪-৫টা সুযোগ পেয়েছিলাম। সুযোগগুলো নিতে হবে আপনার। লেগ স্লিপে রুটকে দিয়ে শুরু, লো স্কোরিং ম্যাচ জিততে এগুলো ধরতে হবে। কিন্তু আমি মনে করি না এটাই সবচেয়ে কঠিন ম্যাচ ছিল।'
 
তিনি আরো বলেন, 'এটা খুব সহজ বসে বসে বলে দেওয়া যে এখানে প্রতিপক্ষ বাংলাদেশ ছিল। কিন্তু এই কন্ডিশন যেখানে স্পিন উইকেট, তাদের বোলাররা খুব ভালো ছিল। তারা অভিজ্ঞ। আমি জানি যে, ১৯ উইকেট (মিরাজ) নিয়েছে সে অতটা অভিজ্ঞ নয়। কিন্তু সে খুব ভালো বোলার। সে এ সব কন্ডিশনে অভিজ্ঞ। এটা সত্যিই কঠিন ছিল।'
 
ইংল্যান্ড অধিনায়ক মনে করেন দুদলের মধ্যে বাংলাদেশের স্পিনাররাই এগিয়ে ছিল। তিনি বলেন, 'হ্যাঁ, আমি মনে করি তাদের স্পিনাররা আমাদের স্পিনারদের ছাড়িয়ে গেছে। কিন্তু আপনি জানেন, কৃতিত্ব তাদেরই দিতে হবে। আমরা লুকাচ্ছি না যে আমাদের বিশ্বমানের স্পিনার নেই। আমাদের কয়েকজন আছে, তারা সত্যিই ভালো কিছু  বল, ভালো স্পেল করতে পারে। আপনি পার্থক্যটা এই পরিবেশে দেখতে পারবেন। এখানে টার্ন করছিল। পেস বোলারদের জন্য কিছুই নেই। এটাই আসলে টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ।'
 
ইত্তেফাক/আরএ