শিল্পীর নিজের গাওয়া একটি মিউজিক ভিডিও ১ কোটিবার বাজল শ্রোতাদের কানে! খুব অল্প সময়ের ক্যারিয়ারে এমন বিরল সাফল্যের পালক ছুঁতে পারাটা অবশ্যই অনেক বড় অর্জনের। সংগীতশিল্পী ধ্রুব গুহ’র গান ‘যে পাখি ঘর বোঝে না’র ভিডিও ইউটিউবে দেখা হলো ১ কোটি বার। গানটি প্রথম আপলোড করা হয় গত বছরের ১৮ জুন। এরপর গত বছরের ৫ ডিসেম্বর ভিডিওটি ‘মিক্সড ভিডিও মাজু’ নামের একটি চ্যানেলে আপলোডের পর সব মিলিয়ে সংখ্যাটা ছাড়িয়েছে এক কোটির ঘর।
ইউটিউবে ১ কোটি বার দেখা ভিডিওর শিল্পী হিসেবে গর্বিত ধ্রুব গুহ। শিল্পী নিজে আবেগতাড়িত হয়ে বলেন, ‘এই নিঃস্বার্থ ভালোবাসাকে আমি আমার বাংলা গানের জয় বলে মনে করি। কারণ কোনো ধরনের চটুল কথা বা অশ্লীল ভিডিওর কাতারে নয় আমার যে পাখি ঘর বোঝে না। এর অর্থ হলো ভালা গীত আর সুরের গান শ্রোতারা গ্রহন করেন, যদি তাতে নান্দনিক একটি ভিডিও থাকে। আমি এই চেষ্টাই করেছি। অন্য কোনো উপায়ে গানের হিট বাড়ানোর পক্ষে আমি নই। তাই আজকের এই সাফল্যের জন্য আমি শ্রোতাদের কাছে কৃতজ্ঞ।’
IMG0
‘যে পাখি ঘর বোঝে না’ লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজনে তরিক আল ইসলাম। গানটি ধ্রুব গুহর প্রথম একক অ্যালবাম ‘শুধু তোমার জন্য’ থেকে নেওয়া। ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে মডেল হয়েছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ থেকে পরিচিতি পাওয়া তারিন রহমান ও তারেক।
এদিকে গত ১৮ অক্টোবর ধ্রুব গুহর ইউটিউব চ্যানেল ধ্রুব মিউজিকে এসেছে তার তৃতীয় মিউজিক ভিডিও। ‘আদরে রাখিও বন্ধু ’ শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল, সংগীতায়োজন তরিক আল ইসলামের।
