পাকিস্তানের পেশোয়ার থেকে 'ন্যাশনাল জিওগ্রাফিক' ম্যাগাজিন 'আফগান যুদ্ধের মোনালিসা' ছবির কল্যাণে বিখ্যাত হওয়া সেই 'আফগান বালিকা' শরবত বিবিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতারের পর জামিনে মুক্তি দেয়া হচ্ছে। এর আগে গত বুধবার তাকে গ্রেফতার করে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
তার জামিনের বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নাসির আলী খান জানান, তাকে গ্রেফতারের পর জামিন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। জাল নথিপত্রের জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু বিষয়টি নজরে আসার পর ভিন্নভাবে দেখছি আমরা। সে একজন নারী এবং শরণার্থী। তাই মানবিক দিক বিবেচনা করে তাকে যতদ্রুত সম্ভব জামিন মুক্তি দেয়ার জন্য ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে নির্দেশ দিয়েছি আমি।
তবে জামিনে কিছু বিলম্ব হতে পারে এমনটা জানিয়ে তিনি বলেন, তার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কিন্তু তাকে যেই প্রতিষ্ঠান জাল কাগজপত্র করে দিয়েছে তাদের ছাড়তে চাইছি না আমরা। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য জামিনে বিলম্ব হতে পারে। কেননা এখনই মেয়েটিকে জামিন দিলে হয়ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হবে না।
এ সময় তিনি আরো বলেন, যতদ্রুত সম্ভব তাকে জামিনে মুক্তি দিয়ে স্বল্প মেয়াদে পাকিস্তানের ভিসা প্রদান করা হবে। সেই সঙ্গে তাকে আফগানিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, ১৯৮৪ সালে পেশোয়ারের এক শরণার্থী শিবিরে বিবির ছবি তুলেন ন্যাশনাল জিওগ্রাফিক এর ফটোগ্রাফার স্টিভ ম্যাকক্যারি। ১৯৮৫ সালের জুন মাসে সেই ছবিকে কভার পেজে তুলে আনে ম্যাগাজিন কর্তৃপক্ষ। এতে রাতারাতি 'আফগান বালিকা' হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন বিবি। ম্যাকক্যারি যখন বিবির ওই ছবি তুলেন তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর।
এর কিছু দিন পর বিবির জীবন নিয়ে আলাদা করে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্রও বানায় ন্যাশনাল জিওগ্রাফি, যেখানে বিবিকে 'আফগান যুদ্ধের মোনালিসা' বলে আখ্যায়িত করা হয়।
পাকিস্তানের পত্রিকা 'ডন' জানায়, বুধবার জাতীয় পরিচয়পত্র জাল করায় বিবিকে তার বাসা থেকে আটক করে এফআইএ। বিবির পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং তা উদ্ধারও করেছে এফআইএ। বিবিসি।
ইত্তেফাক/আরএ
