সিলেটে খাল থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ৩

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৫:৩২
সিলেটের ওসমানীনগর উপজেলায় রিপন মিয়া (২০) নামে এক যুবক খুন হয়েছে। তিনি উপজেলার সাদীপুর ইউপির সাদীপুর পশ্চিম হাটি গ্রামের শাকির আলীর ছেলে।
 
সোমবার সকালে উপজেলার সাদীখাল থেকে পাথর বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির খারিকোণা গ্রামের পুতুল দাশ, তার স্ত্রী কল্যাণী দাশ এবং মেয়ে শিপা রাণী দাশ।
 
রিপনের পরিবারের বরাত পুলিশ জানায়, আটক শিপা রাণী দাশের সঙ্গে রিপনের প্রেমের সম্পর্ক ছিল। এবং শিপার ভাইয়ের বন্ধু ছিলেন রিপন। শুক্রবার শিপার ভাই সুমনের সঙ্গে বেড়াতে যাওয়ার পর থেকে রিপন নিখোঁজ ছিল। সোমবার সকালে স্থানীয়রা উপজেলার সাদী খালে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করলে রিপনের স্বজনরা লাশ সনাক্ত করে। লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 
 
ইউপি সদস্য কাজী জিলু মিয়া বলেন, ‘শুনেছি নিহত রিপন শুক্রবার শিপার ভাই সুমনের সঙ্গে ছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রেমঘটিত কারণে তাকে খুন করা হতে পারে।’
নিহতের পরিবারের সদস্যরাও একই দাবি করেছে।
 
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ