ছাত্রলীগের সেই দুই নেতা বহিষ্কার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৬:১৮
 
গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী, হকার ও সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ফাঁকা গুলিবর্ষণ করা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
 
IMG0
 
সোমবার ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মো. সাব্বির হোসেন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ) ও মো. আশিকুর রহমানকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ওয়ারী থানা শাখা) দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।’
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই সংঘর্ষের সময় সাব্বির হোসেন এবং আশিকুর রহমানকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়।
 

ইত্তেফাক/এএম।