নতুন গান এখন ইউটিউবেই রিলিজ হয়। পাশাপাশি টিভি চ্যানেলগুলোয় প্রচার। আর ডিজিটাল রিলিজের এই ধারাবাহিকতায় প্রকাশিত হলো লুশা মির্জা’র নতুন গান ‘অচেনা মানুষ’। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি বা জনপ্রিয়তা পেলেও এবার তিনি শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন একটি মৌলিক গান। নতুন এ গানটিতে একটু ভিন্ন রূপেই দেখা গিয়েছে তাকে। রোমান্টিক এ গান সম্পর্কে তিনি বলেন, ‘যেহেতু রবি ঠাকুরের গান বেশি করা হয় তাই মৌলিক কোন গান করার অনুরোধ আসলে একটু বিপাকেই পড়তে হয়। বিশেষ করে গানের কথা সহজে আমার মনপূতঃ হয় না। এই গানটির কথা এবং সুর দুটোই আমার ভাল লেগেছিল। তাই নিজের ভালোলাগাটাই শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।’
IMG0
ই-মিউজিক এর ব্যানারে প্রকাশ পাওয়া এ গানটির কথা ও সুর করেছেন বিপ্লব সিদ্দিকী এবং এর সঙ্গীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন। এর মিউজিক ভিডিওতে শিল্পীর পাশাপাশি দেখা যাবে লাক্স তারকা নিলা ও আজাদকে। গনের কথার সাথে সঙ্গত রেখেই একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছেন মডেল দুজন। গানটিকেই মূলত প্রাধান্য দিয়ে এর মিউজিক ভিডিওটি নির্মান করেছেন রেকর্ডসংখ্যক মিউজিক ভিডিও নির্মাতা ইয়ামিন ইলান।
নির্মাতার পক্ষ থেকে জানানো হয়, ‘অনেক বেশি চাকচিক্য বা চমক যা কিনা অনেক সময় গানকেই ছাপিয়ে যায় তেমন কিছু ব্যবহার না করে বরং গানের সাথে সাদৃশ্য রেখে চারপাপাশের টুকরো ঘটনা নিয়েই হূদয়স্পর্ষী ভিডিওটি সাজানো হয়েছে।’
এছাড়া আগামীতে দর্শকদের জন্য আগামীতে কোলকাতা থেকে রবীন্দ্রসঙ্গীতের একটি অ্যালবাম রিলিজের সম্ভাবনা রয়েছে। কোলকাতার এ সময়ের জনপ্রিয় শিল্পী সোম চ্যাটার্জীর সাথে অচিরেই একটি নতুন প্রজক্ট শুরু করতে যাচ্ছেন তিনি। কাজটি সম্পন্ন হলে ভারত ও বাংলাদেশে একই সাথে তা এ বছরেই প্রকাশিত হবে।
উল্লেখ্য, এর আগে বাপ্পা মজুমদারের সঙ্গীতায়জনে তার একক রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘নিরন্তর’ প্রকাশ পেয়েছে।
