সিটির সফলতায় গার্দিওলার প্রশংসা মেসির

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৭:৫৪
পেপ গার্দিওলার অধিনে ম্যানচেস্টার সিটি আরো উন্নতি করবে বলে বিশ্বাস করেন স্প্যানিশ  জায়ান্ট বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।  ইত্তেহাদ স্টেডিয়ামে বেসামাল এক পরিস্থিতির সুচনা করেছেন গার্দিওলা। সিটিকে টানা জয় পাইয়ে দেয়ার মধ্য দিয়ে সিটি মিশন শুরু করা এই স্প্যানিশ গত শনিবারের আগে টানা ছয় ম্যাচে জয়হীন থাকার নজির গড়েছেন।
 
শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ব্রমকে ৪-০ গোলে হারানোর মাধ্যমে কোচিং ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় অতিক্রম করেন গার্দিওলা।
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে দারুণ সফলতা পাওয়া এই কোচের কোচিং পদ্ধতি ইংলিশ প্রিমিয়ার লীগে এসে প্রশ্নের মুখে পড়লেও তিনি যে এই আসরে তার ক্লাবকে টেনে তুলবেন সে বিসেয়ে কোন সন্দেহ নেই সাবেক শিষ্য মেসির।
 
দি সান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সিটি দারুণ একটি দল। প্রতি বছরই দারুণ একটি দল গঠন করে সিটি ক্লাব। পেপকে নিয়ে তারা দলটিকে আরো সমৃদ্ধ করার কাজে নিয়োজিত হবেন।’
 
গার্দিওলার প্রশংসা করলেও মধ্যমাঠের প্লে মেকার যে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ফিরতি লেগের ম্যাচে সিটির ওপর ঝাপিয়ে পড়বে সে বিষয়েও সতর্ক করে দিয়েছেন। নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সিটিকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। ওই আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি।
 
মেসি বলেন, ‘ম্যাচে যে আন্দ্রেস ইনিয়েস্তার অভাব বোধ হকে তাতে কোন সন্দেহ নেই। মাঠে নামলেই অনুভব করা যাবে তিনি খেলোয়াড় হিসেবে কেমন ছিলেন এবং কিভাবে মাঠের নিয়ন্ত্রণ নেয়ায় ভূমিকা রাখতেন। তবে বর্তমান অবস্থায়ও আমরা বেশ ভাল আছি। বেশ আত্মবিশ্বাস নিয়েই আমরা যাব।’
 
ইত্তেফাক/এমএইচ