দাবি পূরণ না হলে মানুষ নানাভাবে প্রতিবাদ করে থাকে। কখনো কাজ হয়, কখনো হয় না। কিন্তু থাইল্যান্ডের এক তারকা মডেল তার এলাকার একটি খানাখন্দে ভরা রাস্তা সংস্কার না করায় প্রশাসনকে লজ্জা দিতে অভিনব প্রতিবাদ করার পর সুফল মিলেছে। টাক প্রদেশের মায়ে রামাত জেলার একটি পৌর এলাকার রাস্তার বেহাল দশা সম্পর্কে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সমাধান পায়নি এলাকাবাসী। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে সেই সড়কের বড় বড় গর্তে জমে থাকা পানিতে গোসল সারেন এক প্রখ্যাত মডেল। এরপর এই আজব গোসলের দৃশ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। লজ্জায় ছুটে আসে স্থানীয় প্রশাসন। পরদিনই তারা রাস্তাটি সংস্কারের কাজে নেমে এটি ঝকঝকে বানিয়ে ফেলে। পাম নামের ওই মডেল বলেন, তিনি ব্যাংককে মডেলিং করেন। কিন্তু তার পরিবারের সদস্যরা থাকেন রামাতে। ওই রাস্তা দিয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সেখানে যেতে হয়। রাস্তা সংস্কারের দাবিতে একাকাবাসী আন্দোলন করেও ফল পায়নি। একারণে তিনি ওই ধরনের প্রতিবাদে বাধ্য হন, যাতে সবার টনক নড়ে। এতে যে কাজ হয়েছে তাতেই তিনি খুশি। -ব্যাংকক সি
ইত্তেফাক/এএন
