শোবিজ অঙ্গন অনেকদিন ধরেই কোনো খবরে নেই ফারাহ রুমা। এর কারণ এতদিন সংসার ও ঘরের নতুন অতিথি নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ২০১২ সালের ১ ডিসেম্বর আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন ফারাহ রুমা। গত ৩০ আগস্ট আমেরিকাতে ফারাহ রুমা এক পুত্র সন্তানের জন্ম দেন। পুত্র সন্তানের নাম রেখেছেন ফারাহ্ রুমা জানাশ। নতুন অতিথির আগমনে বেশ উচ্ছ্বসিত রুমা ও তার পরিবার।
ফারাহ রুমা বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে একটি ফুটফুটে পুত্র সন্তান দিয়েছেন। মিডিয়াতে যারা সবসময়ই আমার পাশে থেকে আমার জন্য শুভ কামনা করেছেন যেমন আমার সহকর্মী, আমার পরিচালক, সাংবাদিক ভাই বোনেরা তাদের কাছে। এছাড়া আমার ভক্ত দর্শকের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি যেন মানুষের মতো মানুষ করতে পারি।’
এদিকে দেশে ফেরার পরপরই রুমা জানালেন শিগগিরই তিনি অভিনয়ে ফিরবেন। ফারাহ রুমা সর্বশেষ আলোচনায় আসেন নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমাতে অভিনয় করে।
নতুন করে আবার অভিনয়ে ফেরা প্রসঙ্গে রুমা বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে অভিনয় ছেড়ে থাকাটা খুবই কষ্টের। আমি শিগিগরই আবারও অভিনয়ে ফিরবো। এখনও অগ্রীম কিছু বলতে পারছি না। তবে পারিবারিক কাজ গুছিয়েই ফিরতে চাই।’
