'অন্য ধর্মের ওপর হামলাকে বরদাশত করা হবে না'

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৭:০৯
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, 'ষড়যন্ত্রের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে অন্য কোন ধর্মের ওপর আঘাতকে বরদাশত করা হবে না'
 
তিনি বলেন, 'গত ২৯ অক্টোবর বাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়ী-ঘরে হামলা চালানো হয়েছে।'
 
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, 'সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র হিসেবে ফেসবুকের কোন স্ট্যাটাস বা গুজবের ওপর ভিত্তি করে অন্য কোন ধর্মের ওপর কোন আঘাতকে কখনো মেনে নেওয়া হবে না।'
 
মাহবুব-উল আলম হানিফ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
 
নাসিরনগরে যার ফেসবুক থেকে স্ট্যাটাসটি পাঠানো হয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে হানিফ বলেন, 'গ্রেফতারকৃত ব্যক্তি তার ফেসবুক হ্যাক করে ওই স্ট্যাটাসটি পাঠানো হয়েছে'
 
ইচ্ছাকৃতভাবে এ স্ট্যাটাস পাঠানো হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ তিনি বলেন, 'এ ব্যাপারে ইতোমধ্যে দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'
 
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, 'হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের চার সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা হামলা বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।'
 
কোন গুজব বা ষড়যন্ত্রমূলক ধর্মীয় উস্কানিতে বিভ্রান্ত হয়ে অন্য ধর্মের ওপর আঘাত কখনো কাম্য হতে পারে না বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
 
ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ও ওয়ারী থানা ছাত্রলীগ নেতার বহিষ্কারের কথা উল্লেখ করে হানিফ বলেন, 'তারা যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুঁড়েছে তা তাদের বৈধ না অবৈধ অস্ত্র তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখবে। তবে তাদের প্রকাশ্যে ফাঁকা গুলি করার অধিকার নেই।'
 
এ বিষয়ে তিনি বলেন, 'ইতোমধ্যে ছাত্রলীগ তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস