সামান্য লাভের লোভে এতো বড় ক্ষতি করবেন না: এস এ হক অলিক

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৭:৩৭
ভালবাসা, প্রেম, সামাজিক বন্ধন আর সুনিপুণ গল্পে চলচ্চিত্র ধারণে বরাবরই যিনি সমান পারদর্শিতা দেখিয়েছেন, এ নির্মাতা এস এ হক অলিক। সম্প্রতি টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ চলচ্চিত্র পরিচালক। তাঁর ‘হৃদয়ের কথা’, ‘আরো ভালবাসবো তোমায়’ কিংবা ‘আকাশ ছোঁয়া ভালবাসা’ তুমুল জনপ্রিয়তা অর্জন করে। নতুন সিনেমা ‘এক পৃথিবী প্রেম’ মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানের ব্যস্ততা, নতুন সিনেমা নিয়ে প্রত্যাশা আর চলচ্চিত্র অঙ্গনের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন ইত্তেফাক অনলাইনের সাথে।
 
ইত্তেফাক অনলাইন: ‘এক পৃথিবী প্রেম’ ফাইনালি কবে মুক্তি পাচ্ছে ?
 
এস এ হক অলিক: আমরা মোটামুটি আগামী ২৩ ডিসেম্বর ‘এক পৃথিবী প্রেম’ মুক্তি দিতে দিন তারিখ ঠিক করেছি। মূলত বন্যার কারণে প্রথমবার এবং সম্প্রতি ‘আয়নবাজি’ মুক্তি পাওয়া কিছু পেছানোর সিদ্ধান্ত গ্রহণ করি। তবে এরমধ্যে বিপিএল চলে আসায় এই সিজন শেষ হওয়ার পরপরই ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রিমিয়ারের সিদ্ধান্ত নিয়েছি।
 
উল্লেখ্য, ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আসিফ-আইরিন। এছাড়াও এখানে আরো দেখা যাবে জনপ্রিয় চার প্রবীণ অভিনেতা- এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, সৈয়দ হাসান ইমাম, আমিরুল হক চৌধুরী।
 
ইত্তেফাক অনলাইন: বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
 
এস এ হক অলিক: ‘আয়না ঘর’ নামের একটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। ধারাবাহিক নাটকটি মোট ১০৪ পর্বের। ইতোমধ্যে ৪৭টি পর্ব শেষ হয়েছে। এটা নিয়ে কাজ করছি। উল্লেখ্য, এ নাটকে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, অপূর্ব, নাদিয়া, অহনা, আবুল হায়াতসহ অনেকে। 
 
ইত্তেফাক অনলাইন: নতুন কোন সিনেমার কাজ শুরু করছেন ?
 
এস এ হক অলিক: না, এই মুহূর্তে ‘এক পৃথিবী প্রেম’ এর প্রিমিয়ার নিয়েই ভাবছি। এরপর হয়তো নতুন সিনেমার কাজে হাত দিব। 
 
ইত্তেফাক অনলাইন: আপনার সিনেমায় ভালবাসা, প্রেম নিয়ে প্রাধান্য থাকে, কেন?
 
এস এ হক অলিক: ভালবাসা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। সবার প্রতি সবার ভালবাসা, পরিবারের প্রতি ভালবাসা, সবকিছুকে আমি আমার সিনেমায় তুলে ধরার চেষ্টা করি। এই যেমন ‘এক পৃথিবী প্রেম’ সিনেমায় বাবা-মায়ের প্রতি সন্তানের ভালবাসার যে বহিঃপ্রকাশ তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
 
IMG0
 
ইত্তেফাক অনলাইন: পাইরেসির বিরুদ্ধে প্রতিবাদ এবার নতুন রূপ পেয়েছে, কী বলবেন?
 
এস এ হক অলিক: চলচ্চিত্র পাইরেসি তো নতুন ইস্যু না। এর আগে আমার সিনেমা, ঐসব সিনেমার গান পাইরেসির শিকার হয়েছে। এতে বাণিজ্যিকভাবে আমরা খুব প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যারা এ শিল্পে আছি সবাই বিপদে পড়েছি। এটা উচিত না, জোর প্রতিরোধ দরকার।
 
ইত্তেফাক অনলাইন: এই সিনেমা পাইরেসি সমস্যার সমাধান কী হতে পারে?
 
এস এ হক অলিক: প্রথমত, যারা এই পাইরেসির সাথে জড়িত তাদের উদ্দেশ্যে বলছি-সামান্য লাভের লোভে দেশের এতো বড় ক্ষতি আপনারা করবেন না! আর সাধারণ দর্শককে বলতে চাই, আপনারা হলে গিয়ে সিনেমা দেখুন, পাইরেসিকে বর্জন করুন। চলচ্চিত্র শিল্পকে বাঁচান!
 
ইত্তেফাক/এমএআর/এসএসএ