শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'শিক্ষার্থীরা জানিয়েছে প্রশ্নপত্র ভাল হয়েছে। তারা উত্তর দিতে পারবে। প্রশ্নপত্র পেয়ে তারা সবাই খুশি।'
মঙ্গলবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি) পরীক্ষা দেখতে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, 'এবার তারা ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। তাদের আহ্বানে বেশির ভাগ পরীক্ষার্থীই সাড়া দিয়েছে।'
তিনি বলেন, 'এতে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই খাতা দেয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা আগেভাগেই আনুষঙ্গিক কাজগুলো করে রাখতে পারে।'
গত দুই বছরের মতো এবারও পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে শিক্ষামন্ত্রী দলবল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেননি। এসময় তিনি শিক্ষা সচিব মো: সোহরাব হোসেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান ও স্কুলের প্রধান শিক্ষকসহ দু-একজনকে সঙ্গে তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
সারাদেশে আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৮ হাজার ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
এবার জেএসসি পরীক্ষায় ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন এবং ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিদেশের আটটি কেন্দ্র থেকে ৬৮১ জনের পরীক্ষা দেয়ার কথা।
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলেও শিক্ষামন্ত্রী জানান। -বাসস।
ইত্তেফাক/এসএস
