নতুন দুটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ। মঙ্গলবার ‘প্রিয়জন’ অ্যালবামের টাইটেল ট্রাক ‘প্রিয়জন’ ও ‘মনের কথা’ শিরোনামের গান দুটি ইউটিউবে প্রকাশ করেন এ সঙ্গীত পরিচালক।
নতুন গান প্রকাশের বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেন শিল্পী নিজেই। মিলন মাহমুদ বলেন, অ্যালবামটির অডিও আগেই প্রকাশিত হয়েছে। এরমধ্যে মিউজিক ভিডিওর কাজ শেষ করে অবশেষে প্রকাশ করা হয়েছে এ দুটি গান। ‘প্রিয়জন’ ও ‘মনের কথা’ গানের কথা ও সুর মিলন মাহমুদের।
সঙ্গীতার ব্যানারে আয়োজিত ‘প্রিয়জন’ এ মিলন মাহমুদের সহশিল্পী জুলি। আর ‘মনের কথা’ গানে মিলনের সাথে গেয়েছেন নাজু আখন্দ। গান দুটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন নুসরাত জান্নাত রুহী ও সান্দ্রা।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন আর সঙ্গীত আয়োজনে ছিলেন শচি শামস। সাভার গলফ ক্লাবের মনোরম সব লোকেশনে শুটিং করা হয়েছে। নতুন ভিডিও গান নিয়ে মিলন মাহমুদ বলেন, আহামরি প্রত্যাশা আমার নেই। বরাবরের মতো এবারও রোমান্টিক ঘরানার করে কাজগুলো করা হয়েছে।
সমকালীন গানের বিষয়ে তিনি আরো বলেন, এখন গানের কথা বিবেচনায় গুরুত্ব কম দেয়া হচ্ছে। কিন্তু আমি আমার সব গানে সুন্দর কাব্য নির্ভর ভাষা বেশি প্রাধান্য দিই। সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎয়ের নতুন অ্যালবামে ফোকধর্মী একটি গান নিয়েই বর্তমানে কাজের ব্যস্ততা বলেও জানান মিলন মাহমুদ।
ইত্তেফাক/এমএআর/এসএসএ
