বর্তমান সময়ের ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। গত ২২ আগস্ট নিজের জন্মদিনেও এতটুকু অবসর পাননি কাজ থেকে। এদিনও ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ‘ভ্যান বস্ত্র বিতান’ নামের একটি খণ্ড নাটকের শুটিংয়ের কাজে।
নাটকের নাম ‘ভ্যান বস্ত্র বিতান’, মনে প্রশ্ন জাগতেই পারে, কাহিনী কী এখানে! এ নাটকে একজন কাপড় বিক্রেতার চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশররফ করিমকে। পড়াশুনা শেষ করে চাকরির জন্য ঘুরেছেন অনেক। পদে পদে শুনতে হয়েছে নিরাশার বাণী। তাই বাধ্য হয়েই ভ্যানে করে কাপড় বিক্রি শুরু করলেন। এই করে এক সময় বড় দোকানের মালিক হয়ে যান অভিনেতা মোশাররফ করিম। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার আলভী।
নতুন এ নাটকটি নিয়ে অভিনেতা মোশাররফ করিম বলেন, টিভি চ্যানেলগুলো এখন ভালো মানের নাটক সন্ধান করছেন দর্শক ধরে রাখতে। অন্যদিকে নির্মাতারাও চাচ্ছেন দর্শকদের চাহিদা মাথায় রেখে ভালো কাজ উপহার দেয়ার জন্য। সেই ভাবনা থেকে বলা যায় এই নাটকের গল্পটি বেশ চমৎকার। কাজ করে মজা পেয়েছি।সাধারণ দর্শকরা এটি ভালমতোই উপভোগ করতে পারবেন বলেও জানান এ অভিনেতা। আর নাটকটির নির্মাতা আলী সুজন বলেন, নাটকে দর্শকদের জন্য একটি মেসেজ থাকবে। যেটি সকলের হৃদয় নাড়া দেবে বলে আমি বিশ্বাস করি।
নাটকটি আসছে শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় প্রচারিত হবে বেসরকারি টিভি চ্যানেল, চ্যানেল আইয়ে। এ নাটকের চিত্রনাট্যকার মমর রুবেল।
ইত্তেফাক/এমএআর/এসএস
