ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ছয় আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত আনসার সদস্যরা হলেন ইকরামুল, মিনহাজুল, বাবুল, সিরাজুল, আতিকুর ও আমিনুল। আজ বুধবার দুপুরে তাদেরকে প্রত্যাহার করা হয়।
ঢামেক হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) দেলোয়ার হোসেন জানান, যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের প্রত্যাহার করা হয়েছে। এদিকে এ ঘটনায় বুধবার রাতে ওই তরুণী শাহবাগ থানায় একটি মামলা দয়ের করেছেন। মামলা দায়েরের পরপরই পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার ইত্তেফাককে জানান, এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার এক আসামি অতিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্য আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।
জানা গেছে, কুমিল্লার ওই তরুণী মাইগ্রেন্ট সমস্যা নিয়ে গত কয়েকদিন আগে ওই তরুণী একাই বাড়ি থেকে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। গত ২৮ অক্টোবর রাতে ওই তরুণীকে বর্হিবিভাগের সামনে থেকে ধরে নিয়ে আনসার সদস্যরা ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। ২৯ অক্টোবর ঢামেকের গাইনি বিভাগে ওই তরুণীকে নেয়া হয়। পরে সেখান থেকে গত ৩০ অক্টোবর তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
ওয়ানস্টপ ক্রাইসিসের সমন্বয়কারী ডাক্তার বিলকিস বেগম জানান, ফরেনসিকসহ মেয়েটিকে বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। মেয়েটি কিছুটা মানসিক রোগী। এজন্য বুধবার সকালে তাকে ঢামেক বর্হিবিভাগের মানসিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। ওই তরুণীর কাছে পাওয়া একটি কাগজে তার ভাইয়ের মোবাইল নম্বর পাওয়ায় যায়। সেই নম্বর ফোন করে তার ভাইকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢামেক হাসপাতলের উপ-পরিচালক খাজা আব্দুর গঁফুর জানান, এমন ঘটনা আমরা শুনেছি। ঢাকা মেডিকেলের কোথায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।
ইত্তেফাক/কেকে
