সিসিটিভির আওতায় আসছে গোটা রাজধানী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ০৮:৫৭
 
অপরাধ দমনে গোটা রাজধানী সিসিটিভির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ইতোমধ্যে ঢাকার অনেক এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। বাকি এলাকাও এর আওতায় আনা হবে। ফেসবুক লাইভে বুধবার রাত সাড়ে সাতটায় তিনি এ কথা বলেন।
 
‘জননিরাপত্তা বিধানে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ লাইভ অনুষ্ঠানে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর রাজধানীসহ সারাদেশের মানুষের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু এখন আর তা নেই। কিভাবে তা সম্ভব হলো এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। উন্নত দেশগুলো বিলিয়ন ডলার খরচ করে জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে আমরা কম সময়ে স্বল্প জনবল নিয়ে তা করতে পেরেছি। এ জন্য জনগণের সম্পৃক্ততার জন্য তিনি ধন্যবাদ জানান। 
 
কমিশনার বলেন, জঙ্গি দমনে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। সোয়াট, কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি বীরের মত কাজ করছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অপরাধ দমনে।
 
পুলিশ কিভাবে আরো জনবান্ধব করা যায় এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ১৮৬১ সালের আইন দিয়ে একবিংশ শতাব্দীর সমস্যা সমাধান সম্ভব নয়। আইন পরিবর্তন ও যুগোপযোগী করা জরুরি। পাশাপাশি সবাইকে আইন মানার মনোভাব থাকতে হবে। উঠান বৈঠকের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে পুলিশ।