গান ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১১:০৯

 

প্লে-ব্যাকে লিজার যাত্রা শুরু হয়েছিল শাহীন কবির টুটুল পরিচালিত ‘এই তো ভালোবাসা’ সিনেমায় তৌসিফের সঙ্গে সিনেমাটির টাইটেল সং-এ কণ্ঠ দিয়ে। এরপর আরও বেশকিছু চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন লিজা। তবে যতগুলো সিনেমাতে তিনি প্লে-ব্যাক করেছেন, প্রত্যেকটিতেই তিনি শুধু একটি করে গান গেয়েছেন। কিন্তু এবারই প্রথম তিনি একটি সিনেমার সবগুলো গানে কণ্ঠ দিচ্ছেন। এরইমধ্যে দুটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। আর বাকি দুটি গানে কণ্ঠ দিবেন আগামী সপ্তাহে।

 

কাশেম মণ্ডল পরিচালিত হরর সিনেমা ‘প্রেতাত্মা’র সবগুলো গানে কণ্ঠ দিবেন। সিনেমাটিতে গান থাকবে মোট চারটি। গানগুলো লিখেছেন সিনেমার পরিচালক কাশেম মণ্ডল। সুর ও সংগীতায়োজন করেছেন এস ডি বাবুল। যে দুটি গানের রেকর্ডিংয়ের কাজ লিজা শেষ করেছেন সে দুটি গান হলো ‘তুমি যে আমার কাছে সবচেয়ে দামি’ এবং ‘এ জীবনে আমি শুধু তোমায় চেয়েছি’।

 

লিজা বলেন, ‘যেহেতু গ্রামীণ পটভূমিতে ভৌতিক একটি সিনেমা এটি। গানগুলোর কথা যেমন চমত্কার, ঠিক তেমনি সুরও অসাধারণ। গানগুলো গাইতে আমার খুব ভালো লেগেছে। আমি সত্যিই মুগ্ধ। আশা করি বাকি দুটি গানও খুব ভালো হবে।’

 

এদিকে বাজারে লিজার দুটি একক অ্যালবাম রয়েছে। একটি ‘লিজা পার্ট-১’ এবং অন্যটি ‘পাগলী সুরাইয়া’। এদিকে দুটি টিভি চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করেন লিজা। আরটিভিতে প্রতি বৃহস্পতিবার প্রচারিত হয় তার উপস্থাপনায় ‘মিউজিক স্টেশন’ এবং বৈশাখীতে প্রতি শনিবার প্রচারিত হয় ‘মিউজিক ট্রেন’। এদিকে গতমাসে কানাডাতে দুটি শো শেষ করে এসেছেন লিজা। আসছে ডিসেম্বরে তিনি আবারও দেশের বাইরে যাবেন স্টেজ শোতে অংশ নিতে।