মতলবে ড্রেজার ডুবিতে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৬:৪২

মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীতে ড্রেজার ডুবির ঘটনায় রুহুল আমিন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ড্রেজারটি পানিতে ডুবে গেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধনাগোদা নদীর মতলব সেতুর নিচে অবস্থানরত ড্রেজারটিতে রুহুল আমিন ও আবুল কালাম নামের দুই শ্রমিক ঘুমিয়ে ছিলেন। ভোর বেলা ড্রেজারটি হেলে পড়ে ডুবে যাওয়ার সময় আবুল কালাম বের হয়ে আসতে পারলেও রুহুল আমিন ঘুমে অচেতন থাকায় বের হতে পারেননি। সকালে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ডুবন্ত ওই ড্রেজার থেকে রুহুল আমিনের লাশ উদ্ধার করে। 

মৃত রুহুল আমিন ঝালকাঠির রাজাপুর উপজেলার চারাখালি গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট বলে জানান তার মামা আ. হাকিম।

ড্রেজার মালিক কাজল বলেন, ‌‘সোমবার রাত ১০টায় কাজ শেষ করে তারা দুইজনেই ঘুমিয়ে পড়েন। ড্রেজারের সঙ্গে যুক্ত পাইপ সরে যাওয়ায় ড্রেজারটি হেলে পড়ে ডুবে যায়। সে ৭/৮ বছর যাবৎ মতলবে কাজ করছেন।

আরও পড়ুন: ‘‌গুলি লাগার পরও কষ্ট মনে হয়নি, দেশের জন্য রক্ত দেওয়াটাই গর্বের’

ওসি একেএমএস ইকবাল বলেন, ‘লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। মৃতের স্বজনরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/কেকে