সমরজিৎ রায়, বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী। ভারত ও বাংলাদেশে নিয়মিত গান করেন এ শিল্পী। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজায় এসেছে তার নতুন অ্যালবাম 'গোধূলিবেলা'। ‘বাংলা ঢোল’ এটি প্রকাশ করছে। অন্যদিকে অ্যালবামের ‘তোমার কাছে’ শিরোনামের গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে।
‘গোধূলিবেলা’ অ্যালবামে রয়েছে ৮টি গান। একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন অন্বেষা। অ্যালবামের জন্য গানগুলো লিখেছেন ও সুর করেছেন মৃণাল চক্রবর্তী, পুলক বন্দোপাধ্যায়, বটকৃষ্ণ দে, জি কে দত্ত, অজয় দাস ও শিল্পী নিজে। সব গানের সংগীতায়োজন করেছেন রকেট মণ্ডল। এর মধ্যে অন্বেষার সঙ্গে গাওয়া গানটির পুণ:সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ।
‘গোধূলিবেলা’ অ্যালবাম নিয়ে আশাবাদী সমরজিৎ। তার মতে, ষাটের দশকের প্রতিচ্ছবি মিলবে তার গানগুলোর কথা, সুর ও গায়কীতে। গানগুলো তৈরি করতে গিয়ে গুণী মানুষদের সান্নিধ্য পেয়েছেন তিনি। গানগুলোর শিরোনাম হলো- ভুলে যেতে বোলোনা, সুনয়নী, তোমার কাছে, নীলিমা, পথ চেয়ে থাকি, অভিমান, সেদিন আমার ও গোধূলিবেলা।
গত ৭ বছরে সমরজিতের ৭টি অ্যালবাম বের হয়েছে। এর মধ্যে বাংলা অ্যালবামগুলো হলো শিল্পী অনুপ জালোটার সঙ্গে দ্বৈত 'অচেনা একটা দিন', একক অ্যালবাম 'এক চিলতে রোদ' ও রবীন্দ্র সংগীতের একটি দ্বৈত অ্যালবাম 'রবি রঞ্জনী'। বাংলাদেশে এটি তার তৃতীয় অ্যালবাম। গেল অক্টোবরে নতুন অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।
IMG0
অন্যদিকে ‘গোধুলিবেলা’ অ্যালবামের ‘তোমার কাছে’ শিরোনামের গানটির ভিডিও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে। ’কেন তা জানিনা এ মন পড়ে থাকে তোমার কাছে/সারাদিন আমি কী যে করি...’ মৃণাল চক্রবর্তীর লেখা এমন কথা ও সুরে গানটির যৌথভাবে সংগীতায়োজন করেছেন রকেট মন্ডল ও জে কে মজলিস। গানটিতে মডেল হয়েছেন সাব্বির ও নিঝুম। এটি তৈরি করেছেন ইয়ামিন এলান।
শিল্পী সমরজিৎ রায় জানান, তিনি দীর্ঘদিন ধরে শুদ্ধ সংগীতের মাধ্যমে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের ভালোবাসা পাচ্ছেন। ‘গোধুলিবেলা’ তারই ধারাবাহিকতা। শ্রোতাদের কথা বিবেচনা করেই ‘তোমার কাছে’ গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে।
ইত্তেফাক/ এমএআর
