ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম বন্ধ

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৭:১৫

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত কারণে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। অভিযোগ রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক অফিসের ইঞ্জিনিয়ারিং সার্ভিস শাখা (ইএস) ম্যানেজার শফিকুল হকের স্বেচ্ছাচারিতায় এ কার্যক্রম বন্ধ রয়েছে। 

জানা গেছে, শুধু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা, সুতিয়ারা, সুহিলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাজার ফুট পাইপ বসিয়ে গ্যাস সংযোগ দেওয়া হয়। এছাড়া রয়েছে পৌর এলাকার পাইকপাড়া, কালাইশ্রীপাড়া, শেরপুর, মেড্ডা, কাউতলী, গোকর্ণ ঘাটসহ বিভিন্ন এলাকায় রয়েছে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ। 

অনুসন্ধানে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে নতুন গ্যাস সংযোগ, চুলা বাড়ানো, রাইজার স্থানান্তরসহ বন্ধের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। কাগজপত্র যাচাই-বাছাই ও এলাকায় সার্ভে না করে শহরের বিভিন্ন জায়গায় রাইজার স্থানান্তর করা হচ্ছে। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অজ্ঞাত কারণে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নিচ্ছেন না ইঞ্জিনিয়ার শফিকুল হক। পৌর এলাকার পাইকপাড়া, কাউতলী, কালাইশ্রীপাড়াসহ বিভিন্ন এলাকায় রয়েছে বহুতল ভবন। কোনো কোনো ভবনে একটি সংযোগের বিপরীতে ৬ থেকে ২৮টি অবৈধ গ্যাসের চুলা রয়েছে। 

আরো পড়ুন: নেতিবাচক রাজনীতি পরিহার করে স্বাধীনতার চেতনায় দেশ গড়ুন: তথ্যমন্ত্রী

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী জাহিদুর রেজা জানান, অবৈধ সংযোগের ব্যাপারে আমরা খোঁজ-খবর নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। ইঞ্জিনিয়ার শফিকুল হক জানান, অবৈধ সংযোগের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে।

ইত্তেফাক/অনি