আজ গায়েনের জন্মদিন

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৫:১৬
 
আজ বাংলাদেশের প্লেব্যাক সম্রাটখ্যাত কণ্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোরের জন্মদিন। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ্যান্ড্রু কিশোর কখনোই জন্মদিনে বিশেষ কিছু করেন না। যে কারণে যথারীতি এবারের জন্মদিনেও কিছু করা হচ্ছে না। তবে পারিবারিক নিয়ম অনুযায়ী গতকাল রাত ১২টায় স্ত্রী লিপিকা এ্যান্ড্রু ইতি, ছেলে জে এ্যান্ড্রু সপ্তক ও মেয়ে মিনেম এ্যান্ড্রু সংজ্ঞাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন। 
 
জন্মদিন প্রসঙ্গে এ্যান্ড্রু  কিশোর বলেন, ‘কখনোই আমি আমার জন্মদিনে বিশেষ কিছু করি না। খুব ছোটবেলার কথা বলতে গেলে শুধু এতটুকুই বলতে পারি যে, আমার বাবা-মা দু’জনই রাজশাহীতে হাসপাতালে চাকরি করতেন। তাদের উপার্জন ছিল খুব সীমিত। সেই সীমিত আয়ের মধ্য থেকেই বাবা-মা আমাকে জন্মদিন উপলক্ষে নতুন জামা-কাপড় কিনে দিতেন। সেই জামা-কাপড় পরেই জন্মদিন আমার অনেক আনন্দে কাটতো। জন্মদিনে সবার কাছে আশীর্বাদ কামনা করি যেন সবসময় সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি।’