‘আমাকে শুধু প্রতিদিন একটি করে পোস্ট দিতে হবে’

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১১:৫১
 
অবশেষে ফেসবুকে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিশা। গত বৃহস্পতিবার ফেসবুকে তার অফিসিয়াল পেইজটি চালু হয়েছে। এর মাধ্যমে ভক্ত-দর্শকরা তার সম্পর্কে নির্ভুল তথ্য জানতে পারবেন বলে আশা করা হচ্ছে। তবে শিল্পীর ব্যস্ততার কারণে এটি আনুষ্ঠানিকভাবে দেখভাল করছে পপকর্ন ডিজিটাল। 
 
এই প্রতিষ্ঠানের পক্ষে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘আমরা এতদিন বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পেইজ রক্ষণাবেক্ষণ করেছি সাফল্যের সঙ্গে। তবে এবারই প্রথম কোনো তারকার পেইজ দেখাশোনার দায়িত্ব নিয়েছি। তিশার মতো জনপ্রিয় অভিনেত্রীর পেইজ দেখভাল করার সুযোগ পেয়ে পপকর্ন ডিজিটাল সম্মানিত।’ 
 
এ প্রসঙ্গে তিশা বলেন, ‘ভক্তদের আমি অনেক ভালোবাসি। ‘নতুন কুঁড়ি’ থেকে শুরু করে আমার এতদূর আসার পেছনে তাদের অবদানই বেশি। একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে জীবনযাপন করতে চাইনি বলেই ফেসবুকে আসিনি এতদিন। তবে এখন ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুক ভালো মাধ্যম। তাছাড়া ঝামেলাও কম। পপকর্ন ডিজিটাল আমার পেইজ দেখভাল করবে। আমাকে শুধু প্রতিদিন একটি করে পোস্ট দিতে হবে। মনে হচ্ছে এতে কোনো ঝক্কি নেই।’