এসেছে নতুন ধারণায় নির্মিত থটফিল্ম ‘সেকেন্ড চ্যান্স’

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৫:১২
গতানুগতিক গল্প-কাহিনীর শর্ট ফিল্ম বা নাটকের বাইরে গিয়ে ভিন্নমাত্রার ভাবনা থেকে দেশে প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে থট ফিল্ম ‘সেকেন্ড চ্যান্স’। ফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। 
 
কেন শর্ট ফিল্ম বা নাটক না বলে থট ফিল্ম বলা হচ্ছে! নির্মাতা বান্নাহ বলেন, ‘এটা আসলে এমন একটা ফিল্ম যেটা দেখার পর দর্শকদের মাঝে কিছু ভাবনার উদ্রেক জন্ম নিবে। এখানে কী বলা হচ্ছে অন্তত সেটা নিয়ে চিন্তা করবে দর্শকরা।’ মূলত থট ফিল্মের ধরণটি গতানুগতিক গল্প বা নাটকের থিমের বাইরের নতুন সংস্করণ। 
 
ফিল্মটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রকি খান ও জেরিন আক্তার রত্না। একটি বিশেষ চরিত্রে নির্মাতা বান্নাহ নিজেই অভিনয় করেছেন। অনলাইন নেটওয়ার্ক পার্টনার কায়ানাটিক নেটওয়ার্ক। প্রোডাকশানে বান্নাহ’র সাথে ছিলেন মাসুদুল হাসান। 
 
নতুন আঙ্গিকের এই কাজটির বিষয়ে তরুণ এ পরিচালক বলেন, মূলত এটি একটি নন প্রফিটেবল ওয়ার্ক। আমরা নতুন একটা ধারণা থেকে এটি করেছি। এতটুকু শিওর করে বলতে পারি, ফিল্মটি দেখার পর নাটক মনে হবে না। অনলাইন কনটেন্টে নতুন একটি মাত্রা যোগ করার ক্ষুদ্র চেষ্টা। 
 
কায়ানাটিক নেটওয়ার্ক, মোশন রক ও ইউসিএফ এর যৌথ উদ্যোগে ফিল্মটি নির্মাণ করা হয়েছে। ফিল্মটি ৪ নভেম্বর রাত ৮টায় ইউটিউবে ছাড়া হয়েছে। ‘ইউসিএফ’ চ্যানেলে সাধারণ দর্শকরা এটি দেখতে পাবেন বলে জানান নিশ্চিত করেন নির্মাতা বান্নাহ। 
 
 
ইত্তেফাক/এমএআর