প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন স্যান্টনার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ২১:২৪
ইনজুরির কারণে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ঘরোয়া আসরে অনুশীলনের সময় ডান হাতের কব্জিতে ব্যথা পান তিনি। তার কব্জিতে চিড় ধরা পড়েছে। এক বিবৃতিতে স্যান্টনারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
 
ঘরোয়া আসরে নর্দান ডিস্ট্রিক্টসের হয়ে অনুশীলনের সময় ডান হাতের কব্জিতে আঘাত পান স্যান্টনার। পরে এক্স-রের মাধ্যমে তার কব্জিতে চিড় ধরতে পেরেছেন চিকিৎসকরা। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন স্যান্টনার। এমনকি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও স্যান্টনারের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
 
স্যান্টনারের ইনজুরিতে হতাশ নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বলেন, ‘ভারত সফরে দারুণ খেলেছে সে। তার ইনজুরিতে পড়াটা হতাশার। প্রথম টেস্টের আগে এমন খবর আমাদের জন্যও হতাশার। আশা করছি সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে দলে পাবো আমরা।’
 
আগামী ১৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তানের প্রথম টেস্ট। হ্যামিল্টনে ২৫ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
 
ইত্তেফাক/এমএইচ