এন্টার্কটিকা সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। যুক্তরাষ্ট্রের প্রথম কোন কূটনীতিক হিসেবে তিনি এই সফর করবেন।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, আগামী ১০-১৮ নভেম্বর বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে কেরি এন্টার্কটিকা, নিউজিল্যান্ড, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও পেরু যাবেন। এর মধ্যে তিনি মরক্কোয় কপ২২ জলবায়ু আলোচনা এবং পেরুতে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দেবেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, আগামী ১০-১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঊর্ধ্বতন কূটনীতিক হিসেবে এন্টার্কটিকা অ্যান্টার্কটিকা সফর করে কেরি ইতিহাস তৈরি করবেন।
তিনি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গবেষণা কেন্দ্র ম্যাকমুরদো স্টেশন, রস দ্বীপের পার্শ্ববর্তী এলাকা ও সরকারের আমুন্দসেন-স্কট সাউথ পোল স্টেশন পরিদর্শন করবেন।
কেরি আগামী ১২-১৩ নভেম্বর নিউজিল্যান্ড ও ১৪ নভেম্বর ওমান সফর করবেন। পরদিন তিনি সিরিয়ার মতো দেশগুলোতে আঞ্চলিক সংঘাত নিয়ে আলোচনার জন্য আবুধাবি যাবেন। তিনি ১৫-১৬ নভেম্বর কপ২২ বৈঠকেও যোগ দেবেন। এরপর তিনি পেরু যাবেন। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
