জনগণ বিএনপিকে ভয় পায় : হাছান মাহমুদ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৯:৩০
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বোমা মেরে মানুষ খুন করে, জনগণ তাদের ভয় পায়। 
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
 
তিনি বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, ঝলসে দিয়েছে শত শত মানুষকে। এরই পরিপ্রেক্ষিতে সরকারের দায়িত্ব রয়েছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার। 
 
ড. হাছান বলেন, রাজধানীতে কোনো সভা সমাবেশের অনুমতি দেয়ার ক্ষেত্রে গোয়েন্দা তথ্যকে আমলে আনা হয়। বিএনপি এর আগেও সভা সমাবেশের নামে রাজধানীতে সহিংসতা করেছে। কাজেই যে কোনো অনুমতি দেয়ার আগে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জনগণের জানমালের নিরাপত্তাটিকে বিবেচনায় আনে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগকেও রাজধানীতে কোনো সভা সমাবেশ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। 
 
৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করার জন্য খালেদা জিয়ার আহ্বানের সমালোচনা করে ড. হাছান বলেন, সেদিন দেশে কোনো বিপ্লব হয়নি। ১৯৭৫ সালের সেদিন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করে তাদের লাশের ওপর হেটে জেনারেল জিয়া ক্ষমতা গ্রহণ করেন। এ রকম একটি বেদনা বিধূর দিনে খালেদা জিয়া উৎসবের ডাক দিবেন, তা এ দেশের জনগণ মেনে নেবে না। 
 
নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি খালেদা জিয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘দয়া করে সংবিধান পড়ুন। দেখুন সেখানে কি লেখা আছে। সংবিধান অনুযায়ী এটি রাষ্ট্রপতির কাজ।’ 
 
১০ টাকার চাল সম্পর্কে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে এই সুবিধার আওতায় আসছে দেশের প্রায় ৩ কোটি দরিদ্র মানুষ। চাল বরাদ্দের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয়কে আমলে আনা হচ্ছে না। আওয়ামী লীগের দরিদ্র জনগণ যেমন এই চাল পাচ্ছে, বিএনপির দরিদ্র জনগণও তেমনি এই চাল পাচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসরকারের এই মহতি উদ্যোগের প্রশংসা না করে তিনি এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছেন, যা দুঃখজনক।
 
 
ইত্তেফাক/ইউবি