আত্মহত্যা থেকে কৃষক বাঁচাতে গ্রাম দত্তক নিচ্ছেন অক্ষয়!

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১১:২৮
পর্দায় যাদের 'মায়া-মমতার অবতার' হিসেবে দেখা যায়, বাস্তব জীবনে খুব কমই তারা ওই ভূমিকা পালন করেন! তবে এক্ষেত্রে ব্যতিক্রম অক্ষয় কুমার, রিল-এর মতো রিয়েল লাইফ-এও তিনি 'মায়া-মমতার অবতার'।
 
বলিউডের এই ‘খিলাড়ি’ কিছুদিন আগে ভারত-পাকিস্তান সীমান্তে নিহত সেনা জওয়ান গুরনাম সিং-এর পরিবারকে ৯ লাখ রুপি দিয়েছেন। এবার তিনি কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিতে যাচ্ছেন।
 
বর্তমানে ভারতের মহারাষ্ট্রের কৃষক আত্মহত্যা কবলিত গ্রামগুলোর অবস্থা সঙ্গীন। একের পর এক আত্মহত্যার ঘটনায় সেখানকার কৃষক পরিবারগুলো ঘোর সংকটে দিন যাপন করছে। মহারাষ্ট্রের যে সব গ্রামে কৃষকদের অবস্থা বেশি সঙ্গীন, তার মধ্যে প্রথম দিকেই রয়েছে বিদর্ভ এবং ইয়াভাতমল। আর ওই গ্রামগুলোর মধ্যে থেকে একটি দত্তক নিতে চাইছেন অক্ষয় কুমার।
 
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি মহারাষ্ট্রের অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেছেন অক্ষয়। আর সেখানেই আত্মহত্যা কবলিত গ্রামগুলোর কথা নিয়ে খিলাড়ির সঙ্গে আলোচনা করা হয়। এবং, তখন তিনি মহারাষ্ট্রের একটি গ্রাম দত্তক নেওয়ার নিজ আগ্রহের কথা জানান। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
 
ইত্তেফাক/এএম