'নিজের দেশের কাজ যখন বিশ্বব্যাপী প্রশংসা কুড়াচ্ছে তখন হলিউডের মুভিতে কাজ পাওয়ার জন্য লালায়িত হতে হবে কেন?' ইরফান খান থেকে অনুপম খের, প্রিয়াংকা চোপড়া থেকে দীপিকা পাড়ুকোনরা যখন 'হলিউডের ফোকাস' পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তখন বিরক্তি নিয়ে এই প্রশ্ন তুলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
প্রতিভাধর এই অভিনেতার বক্তব্য, 'বলিউডে ভাল অভিনয়ের সুযোগ অনেক। এই অবস্থায় হলিউড নিয়ে এতো মাতামাতি কেন!'
তার কথায়, 'হলিউড নিয়ে অকারণে বাড়াবাড়ি করা হচ্ছে, সকলে চাইছে সেখানে গিয়ে কাজ করতে!'
নওয়াজউদ্দিনের ভাষ্য, 'রামন রাঘব ২.০, গ্যাংস অফ ওয়াসিপুর, মিস লাভলি, দ্য লাঞ্চবক্স-এর মতো মুভি হচ্ছে বলিউডে। মুভিগুলো কেবল ব্যবসাই করছে না, পাশাপাশি বিপুলভাবে প্রশংসিতও হচ্ছে। তো হলিউডে গিয়ে অভিনয়ের দরকার কী!'
তবে নওয়াজ এও জানিয়েছেন, 'বিদেশে গিয়ে কাজ করা নিয়ে তার আপত্তি নেই। তবে ঘরের কাজের চাপ এত বেশি যে, এই মুহূর্তে হলিউড যাওয়া তার পক্ষে অসম্ভব।
তার কথায়, হলিউডে কাজ পেতে হলে সেখানে 'এজেন্ট' রাখতে হবে। যদি তেমন ইচ্ছে হয়, তিনিও 'এজেন্ট' নিয়োগ করবেন। তবে আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই তার।
কানাঘুষার খবর, একটি আন্তর্জাতিক মুভিতে অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে কাজ করতে পারেন নওয়াজ!
ইত্তেফাক/এএম
