ইন্টারনেট ব্যবহারের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করতে শেষমেশ 'বিতর্কিত' সাইবার সিকিউরিটি আইনের অনুমোদন দিয়েই দিল চীন। সোমবার এই আইনের অনুমোদন দেয় সমাজতান্ত্রিক রাষ্ট্রটি। এই আইনের কারণে চীনের প্রযুক্তি বাজারে বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রবেশও অনেক বেশি বাঁধাগ্রস্ত হবে বলে আশংকা মানবাধিকার কর্মীদের।
সামাজিক অপরাধ ও সন্ত্রাসবাদ প্রতিরোধের 'দোহাই' দিয়ে ওই আইনের অনুমোদন দিয়েছে চীনা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, এই আইন দেশটির সমাজতান্ত্রিক ব্যবস্থাকে বাঁধাগ্রস্ত করতে পারে এমন যে কোনো কাজ প্রতিহত করতেও সাহায্য করবে।
চীন সরকারের দেয়া হিসাবমতে, দেশটির অনলাইন ব্যবহারকারীর সংখ্যা ৭১০ মিলিয়নকে ছাড়িয়ে গেছে। এই বিপুল সংখ্যক ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করতেই সাইবার সিকিউরিটি আইন কার্যকর করা হচ্ছে, দাবি বিশেষজ্ঞদের।
তবে ব্যবসা ও শিক্ষার প্রসারে ইন্টারনেট ব্যবহারকে উৎসাহিত করে থাকে চীন। পাশাপাশি, 'বিধ্বংসী' ও 'অশ্লীল' বলে বিরোধীদের মতামতকেও দমন করে থাকে সংশ্লিষ্টরা।
ইত্তেফাক/এএম
