কুমিল্লায় মাদকদ্রব্যসহ ৫ কোটি টাকার মালামাল জব্দ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৬:৫৭
কুমিল্লায় বিজিবি’র অভিযানে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ প্রায় ৫ কোটি টাকার মালামাল আটক করা হয়েছে। সোমবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও মালামাল আটক করা হয়।
 
জানা যায়,  সোমবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) একাধিক দল জেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকাসহ ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
 
এসময় ভারতীয় হুইস্কি, নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেট, গাড়ির যন্ত্রাংশ, কসমেটিক্স সামগ্রী, চিনি, থ্রি-পিস, শাল চাদর ও বিপুল পরিমাণ উন্নতমানের শাড়ি আটক করা হয়। তবে এ অভিযানে চোরাচালানের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
 
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, আটককৃত মাদকদ্রব্য ও মালামালের মূল্য ৪ কোটি ৯০ লাখ ২৬ হাজার ২৭৫ টাকা। তিনি আরও জানান, মাদকদ্রব্যগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর/এমএইচ