অর্থাভাবে ঠেলাগাড়িতে স্ত্রীর মৃতদেহ নিয়ে ৮০ কিলোমিটার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১২:৫১
অর্থের অভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেননি, অগত্যা তাই মৃত স্ত্রীর দেহ ঠেলাগাড়িতে চাপিয়ে ৮০ কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে নিয়ে চললেন ভিক্ষুক স্বামী।
 
ভারতের হায়দ্রাবাদে ভিক্ষা করতেন তেলেঙ্গানার রামুলু, সঙ্গে তার স্ত্রীও থাকতেন। গত বৃহস্পতিবার মারা যান তার স্ত্রী কবিতা। বহুদিন ধরেই তিনি যক্ষ্মায় ভুগছিলেন। একা শহরে কাকে নিয়ে স্ত্রীর শেষকৃত্য করবেন স্বামী, কোথায়ইবা করবেন। তাই ঠিক করেন, স্ত্রীর মৃতদেহ গ্রামেই নিয়ে যাবেন। 
 
এরপর মৃতদেহ বহনের জন্য অ্যাম্বুলেন্সের সন্ধান শুরু করেন তিনি। কিন্তু তখনই সমস্যা টের পেলেন। তেলেঙ্গানার ভিকারাবাদের সাঙ্গারেড্ডি গ্রামের বাড়ি হায়দ্রাবাদ থেকে ৮০ কিলোমিটার দূরে। ওই রাস্তা যেতে অ্যাম্বুল্যান্স হেঁকে বসল পাঁচ হাজার রুপি। অতো অর্থ দেওয়ার মতো ক্ষমতা নেই রামুলুর। তাই শুক্রবার সকালে ঠেলাগাড়ি করেই মৃতদেহ নিয়ে রওনা দিলেন গ্রামের দিকে। রাতে রাস্তা হারিয়ে শনিবার বিকালে পৌঁছালেন ভিকারাবাদে।
 
শনিবার দুপুর গড়িয়ে যাওয়ার পর ভিকারাবাদের লোকজন ওই কাণ্ড দেখেন। তারাই পুলিশে খবর দেন। পুলিশ গাড়ির ব্যবস্থা করে মৃতদেহ রামুলুর গ্রাম সাঙ্গারেড্ডিতে পৌঁছে দেয়। এরপরও বিপত্তি। রামুলু ও তার স্ত্রী দুজনেই কুষ্ঠ রোগী। ফলে আত্মীয়রা কেউই মৃতদেহ সৎকারের সময় এগিয়ে এলো না!
 
IMG0
 
এমন ঘটনা এর আগেও ঘটেছে ভারতে। মধ্যপ্রদেশে একব্যক্তি তার স্ত্রীর মৃতদেহ সৎকারের জন্য অর্থ জোগাড় করতে না পেরে শেষমেশ কাগজ কুড়িয়ে স্ত্রীর মৃতদেহ সৎকার করেন। তারও আগে অ্যাম্বুলেন্সের টাকা জোগাড় করতে না পারায় পায়ে হেঁটেই স্ত্রী মৃতদেহ কাঁধে নিয়ে বাড়ি ফেরেন দানা মাঝি নামে উড়িষ্যার এক ব্যক্তি।
 
 
ইত্তেফাক/এএম