মাউরো ইকার্দির বিশ্বাস আগামী বছরের কোপা আমেরিকার আগেই লিওনেল মেসি আবার আর্জেন্টিনা দলে ফিরবেন।
আর্জেন্টিনা গত বুধবার মেক্সিকোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে জয়ের পর এই আশাবাদ ব্যক্ত করেন ইকার্দি। খেলাটিতে ইকার্দি ও পাওলো দিবালা প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে গোলের দেখা পান। ইকার্দি দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন। এরপর ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা।
মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি বর্তমানে কোপা আমেরিকার জন্য দল গড়তে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। অপর দিকে, মেসি বিশ্বকাপের শেষ ষোল থেকে বিদায়ের পর আর আর্জেন্টিনার হয়ে খেলছেন না। তিনি কোচকে জানিয়ে রেখেছেন আপাতত তাকে যেন বিবেচনা করা না হয়।
কোচ স্কালোনির অধীনে আর্জেন্টিনা ইতোমধ্যে যে ছয়টি ম্যাচ খেলেছে তার মধ্যে কেবল একটিতে হেরেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ মেক্সিকোর বিরুদ্ধে জয়টির পর ইকার্দি টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘তিনি হলেন বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমরা সবাই আশা করি, তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন। বিশেষ করে যখন কোপা আমেরিকা আসছে।’
ইন্টার মিলানের এই স্ট্রাইকার স্কালোনির অধীনে দলীয় সংহতিরও প্রশংসা করেন। এই কোচ অবশ্য আশা করেন না যে, অনুকূল এই ফলাফল তাকে পূর্ণকালীন দায়িত্ব পাইয়ে দেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সত্যি অসাধারণ এক দল, আমরা আরো অনেক বিকশিত হতে পারি। আমরা লিওর (স্কালোনি), ওয়াল্টার (স্যামুয়েল) ও পাবলোর (আইমার) কাজে আনন্দিত। তাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটা অবশ্যই ফেডারেশনের কাজ। তবে আমি শুধু এটুকুই বলতে পারি এ মুহূর্তে জাতীয় দলে এমন একটা পরিবেশ কাজ করছে যা আগে ছিল না।’
ইকার্দি আরো বলেন, ‘এখন আমরা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় গড়ে উঠছে। আমি আগের ব্যবস্থাপনার সময়ও কাজ করেছি। কিন্তু আমি কখনোই এই সময়ের মতো বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও মিলমিশ আগে দেখিনি।’
নিজের গোল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একটা গোলের দেখা পাচ্ছিলাম না। আমি এর জন্য অপেক্ষায় ছিলাম এবং এখন আমি খুশি। গোল ছাড়া এগিয়ে যাওয়া সহজ নয়। এটা অনেক সমালোচনার জন্ম দেয়। কিন্তু এখন আমি এভাবে এগিয়ে যাওয়ার আশা রাখি।’
এদিকে, কোচ স্কালোনিও ইকার্দি ও দিবালার গোল প্রাপ্তিতে তাদের প্রশংসায় ভাসিয়েছেন। ইকার্দি আট খেলায় এসে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোলের দেখা পান। অপর দিকে, দিবালার দেশের হয়ে গোল করেন ১৮তম খেলায় এসে।
স্কালোনি তাই বলেন, ‘আমাদের অবশ্যই আনন্দিত হতে হবে। কারণ ইকার্দি ও দিবালার মতো দুই খেলোয়াড় নিজেদের অর্গলমুক্ত করতে পেরেছেন যা গুরুত্বপূর্ণ। দুজনেই সমর্থকদের অনেক আনন্দ দেবে।’
