সাগরে অদ্ভুত শব্দ, জনমনে আতঙ্ক!

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৬:৪২
কানাডার তীরবর্তী অঞ্চলে আর্টিক সাগরের গভীরে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে একটি অদ্ভুত শব্দ। ওই অঞ্চলের উপর দিয়ে যাওয়া যেকোনো নৌকা বা সামুদ্রিক যানের যাত্রীরাই এ শব্দ শুনতে পাচ্ছে। এ নিয়ে  চলছে নানা গবেষণা। খবর গার্ডিয়ানের।
 
কানাডার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের এক প্রতিনিধি দল বেশকিছু দিন ধরেই শব্দটির উৎস জানতে সেখানে পরীক্ষা চালাচ্ছে। একাধিক তত্ত্ব উঠে আসলেও, সেখানে শব্দের উৎস সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ মিলছে না। 
 
স্থানীয় রাজনৈতিক নেতা পল কুয়াসা বলেন, ‘মনে হচ্ছে শব্দটি সাগরের একেবারে পাদদেশ থেকে আসছে। যে শব্দে এলাকার আশপাশ থেকে প্রাণীরা ভয়ে সরে যাচ্ছে’।
 
বলা হচ্ছে, কানাডা উপকূল সংলগ্ন একটি কয়লা খনির পক্ষ থেকে মাটি পরীক্ষার জন্য কিছুদিন আগে সোনার সার্ভে করা হয়। তবে ওই সংস্থার পক্ষ থেকে দাবিটি অস্বীকার করা হয়েছে।
 
এদিকে কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র অ্যাসলে লেমির বলেন, ‘এই অদ্ভুত শব্দ উৎঘাটনে কানাডার স্বশস্ত্র বাহিনী তৎপর রয়েছে। বিমান বাহিনীর কয়েকটি বিভাগও ইতোমধ্যে তা খুঁজে বের করতে নিয়োজিত রয়েছে।’ 
 
তবে অপর সংবাদে বলা হচ্ছে, একটি সংস্থার পক্ষ থেকে শিকারের উদ্দেশ্যে ইচ্ছা করে এই শব্দ করা হচ্ছে। যাতে করে বন্যপ্রাণীরা সেখান থেকে অন্যত্র যায়।
 
তবে আসল সত্যিটা এখনও সামনে না আসার কারণে আতঙ্ক তৈরি হয়েছে। শেষ খবর হলো, বিষয়টি নিয়ে এখনো ধুয়াশা রয়েই গেছে। 
 
ইত্তেফাক/এএসএমইউ