সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৩০০ ডিমের রেসিপি

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৬:০৬
একদল মানুষ পেট ভরে খেতে ভালোবাসেন, একদল আবার নতুন নতুন রেসিপি রান্না করে খাওয়াতে ভালোবাসেন। এর বাইরেও রয়েছেন আরেকদল মানুষ, যারা খাওয়াতে না পারলেও কিংবা রান্না করতে না জানলেও খাওয়া দেখতে বা রান্না সম্পর্কে জানতে ভালোবাসেন। আর এই তিনদলের মানুষের ভিড় বাড়ায় ভাইরাল হয়েছে এক ইউটিউব ভিডিও, যাতে দক্ষিণ ভারতের এক ব্যক্তির ৩০০ ডিমের রেসিপি তৈরির প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।
 
'ভিলেজ ফুড ফ্যাক্টরি' নামের একটি ইউটিউব চ্যানেল এই ভিডিও গুগলের 'ভিডিও শেয়ারের সাইট'টিতে আপলোড করে। ৩ নভেম্বর ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়, যা ছয় দিনে এক দশমিক আট মিলিয়ন বার দেখা হয়েছে। এবং, সময়ে সময়ে ভিডিওটির দর্শক সংখ্যা বাড়ছেই।
 
এনডিটিভির খবর বলছে, ভিডিওটির নির্মাণে মুনশিয়ানা রয়েছে। ফলে একবার দেখা শুরু করলে একেবারে শেষ ফ্রেম পর্যন্ত না দেখে ভিডিওটি বন্ধ করার উপায় নেই। এতে ৩০০ ডিমের সাধারণ এক রেসিপি তুলে আনা হয়েছে, কিন্তু সেটাই অসাধারণ আগ্রহের জন্ম দিয়েছে ইউটিউব গ্রাহকদের মাঝে।
 
ইউটিউবে একজন লিখেছেন, 'আমি সর্বান্তকরণে রেসিপিটি বানানোর চেষ্টা করব। নতুন নতুন খাবার বানানোর চেষ্টা আমার খুব ভালোলাগে।'
 
আরেকজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, 'এত্তো ডিম! গড়ে দিন প্রতি আপনি কয়টা ডিম খেতে পারেন?'
 
 
ইত্তেফাক/এএম