মন্দিরের তালা ভেঙ্গে প্রতিমাসহ স্বর্ণালঙ্কার চুরি

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২০:২২

নওগাঁর নিয়ামতপুরে প্রায় শত বছরের পুরাতন রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙ্গে গোপাল প্রতিমাসহ স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা গ্রামের সার্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
জানা গেছে, উপজেলার ভাবিচা গ্রামের সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের পাশেই শত শত বছর আগে থেকে একটি গাছের গোড়ায় মাটির মণ্ডপে গোপাল পূজা অর্চনা করা হতো। প্রায় বিশ বছর আগে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির নির্মাণ করা হলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়মিত পূজা অর্চনা করে আসছেন।
 
মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল কৃষ্ণ রায় জানান, মঙ্গলবার ভোরে স্থানীয়রা মন্দিরে পূজা অর্চনা করতে গেলে মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় দরজা খোলা দেখতে পান।  তারা লক্ষ্য করেন মন্দিরের ভেতরে স্থাপন করা দুইটি পিতলের তৈরি গোপাল প্রতিমা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। দুইটি গোপালের প্রতিমায় স্বর্ণালঙ্কার ছিল। এ ছাড়া দানের কিছু টাকা-পয়সা ছিল।
 
স্থানীয়রা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মন্দিরে চুরির ঘটনায় নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ঘটনাটি জানাজানি হলে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম, ডিএসবির সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো পড়ুন: মুরগীর সেডে আশ্রিত আদিবাসীরা, আগুনের ঘটনায় গ্রেফতার ২
 
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই চুরি সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। 

ইত্তেফাক/অনি