নেত্রকোনায় লরিচাপায় নববধূসহ নিহত ২

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২২:১২
 
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূল গাঁও ইউনিয়নের জামধলা বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় লরি চাপায় নববধূ ফরিদা আক্তার পাখি (২০) ও লরির হেলপার রুবেল মিয়া (৩৪) নিহত হয়েছেন। এ সময় ৫ জন আহত হয়েছেন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিহতরা হলেন— ধলামূলগাঁও ইউনিয়নের নোয়াশী গ্রামের রহমত আলীর ছেলে শামীম হোসেনের স্ত্রী ও লরির হেলপার রুবেল মিয়া উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া গ্রামের সিরাজ আলীর ছেলে।
 
নেত্রকোনা সদর সার্কেল মো. ছানোয়ার হোসেন জানান, উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামধলা বাজার সংলগ্ন একটি মোটর সাইকেলকে ইটবাহী একটি লরি পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলে থাকা এক নারী লরির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে লরিটি হার্ড ব্রেক করায় তাদের একজন পড়ে গিয়ে চাপা পড়ে মারা যায়। মোটর সাইকেলে থাকা দুইজন স্বামী-স্ত্রী বলে জানায় পুলিশ।
 
এ ঘটনায় স্থানীয় জনতা মোসলেম উদ্দিন (২৩) ও আবুল হোসেন (২৫) নামের লরি চালকসহ দুই জনকে আটক করেছে।
 
ইত্তেফাক/এএম।