যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ম্যানহাটনের একটি কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার খুব কাছের বুথটিতে দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। যখন তিনি ব্যালটে সিল দিচ্ছিলেন তখন সংশয়ে থাকা ট্রাম্প একটু কাত হয়ে দেখছিলেন স্ত্রী মেলানিয়া সত্যিই তাকে ভোট দিচ্ছেন কি না। যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের সঙ্গে যে ভিডিও দেওয়া হয়েছে তাতে স্পষ্ট দেখা যায়, নিজের ব্যালটে ভোট দেওয়ার আগে স্ত্রী কাকে ভোট দিয়েছেন সেটা দেখার চেষ্টা করেন ট্রাম্প। তবে ট্রাম্প সচেতনভাবেই এটা দেখার চেষ্টা করেছিলেন কি না কিংবা তিনি মেলানিয়ার ব্যালট দেখতে পেরেছিলেন কি না সেটা নিশ্চিতভাবে বলা হয়নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই বলেছেন, ট্রাম্প সত্যিই মেলানিয়ার ব্যালট দেখার চেষ্টা করেছেন।
এর আগে সকালে ট্রাম্প টাওয়ার থেকে বেরিয়ে মোটর গাড়িযোগে স্ত্রী মেলানিয়া ও মেয়ে ইভাঙ্কাকে নিয়ে নিকটবর্তী পাবলিক স্কুলের ভোট কেন্দ্রে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। ভোট দিয়ে বেরিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এখন সবকিছু খুব ভালো অবস্থায় রয়েছে।
ইত্তেফাক/আরএ
