মার্কিন অভিনেত্রীর প্রেমে প্রিন্স হ্যারি

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১১:৫৩
 
ব্রিটেনের রানী এলিজাবেথের নাতি, প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি অবশেষে তার সাথে একজন আমেরিকান অভিনেত্রীর প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। তবে এনিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করেছেন তিনি। 
 
এক বিবৃতিতে তিনি বলেছেন, এ সম্পর্কের খবর সংবাদ মাধ্যমে আসার পর থেকে মেগ্যান মার্কল নামে তার প্রণয়িনীকে হয়রানি এবং গালাগালির শিকার হতে হচ্ছে।
 
প্রিন্স হ্যারি বলেছেন, যে সব নিবন্ধ পত্রপত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে এবং এ নিয়ে এমন সব মন্তব্য করা হয়েছে - যাতে বর্ণবাদী মানসিকতার প্রকাশ ঘটেছে।
 
মেগ্যান মার্কল একজন আমেরিকান টিভি তারকা এবং তার মা কৃষ্ণাঙ্গ। প্রিন্স হ্যারির সাথে তার সম্পর্ক নিয়ে গত বেশ কিছুদিন ধরে ব্রিটেনের পত্রপত্রিকায় ব্যাপক জল্পনা চলছে।
 
প্রিন্স হ্যারির ভাষায় এসব লেখালিখি সীমা ছাড়িয়ে গেছে। এবং তিনি এর হাত থেকে মার্কলকে রক্ষা করতে না পেরে মর্মাহত হয়েছেন।
 
৩২ বছর বয়সী হ্যারির বিবৃতিতে স্বীকার করা হয়, গত কয়েক মাস ধরে ৩৫ বছর বয়সী মেগ্যান মার্কলের সাথে তার সম্পর্ক চলছে।
 
বলা হয়, এরপর থেকেই মার্কেলের পরিবারের লোকেরা ফটোগ্রাফার ও রিপোর্টারদের সামলাতে হিমশিম খাচ্ছেন, তাদের পুলিশ ডাকতে হয়েছে।
 
মেগান মার্কেল স্যুটস নামের টিভি সিরিজে অভিনয় করে পরিচিতি পান।
 
ইত্তেফাক/এএসএস