মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আশরাফুল ইসলাম সেলিম (২৫)। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর শামীমাবাদ এলাকার শামীম ভিলায় নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সেলিম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামে আব্দুল জলিলের সন্তান এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। সেলিম ও তার মা ওই বাসার তৃতীয় তলায় ৪ নম্বর ইউনিটে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
সিলেট কোতয়ালী মডেল থানার লামাবাজার ফাঁড়ির পুলিশ জানান, বাসার নিজ কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় তার মায়ের শাড়ি জড়ানো ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে রাতেই ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে
