ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ষষ্ঠ প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী। আগুনের পরশমণি’ গানের সঙ্গে দলীয় নৃত্য দিয়ে শুরু হয় এ প্রদর্শনী। গতকাল ৮ নভেম্বর চারুকলার বকুলতলায় ছিল উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। চারুকলা অনুষদের ডিন নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, অতিথি শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদসহ অনেকে।
প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন মাধ্যমে আঁকা ৯৬টি চিত্রকর্ম। এগুলো এঁকেছেন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী, এ ধারার নবীন-প্রবীণ ৩৭ জন দেশি ও ভারতের ১৭ জন শিল্পী। এ রীতির শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে চলতি বছর থেকে পুরস্কারের প্রবর্তন করেছেন আয়োজকেরা। এবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন নিপা রাণী সরকার, রায়হান আহমেদ ও সামিনা জামান।
বিশেষ সম্মাননা পেয়েছেন আবু আহমেদ ও হাসুরা আক্তার। ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
ইত্তেফাক/এমএআর
