ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। অর্থনৈতিক ও বৈশ্বিক অনিশ্চয়তা নিয়ে বিনিয়োগকারীদের শঙ্কার মধ্যে ডলারের ব্যাপক দরপতন হয়েছে। সেই সঙ্গে পুঁজিবাজারের সূচকও নিম্নগামী।
নির্বাচনের আগের দিন এক জরিপে হিলারিকে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রাখা হয়, যার প্রভাবে বিশ্ববাজার চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেড়ে যাওয়ায় উল্টো প্রভাব পড়ে বাজারে। ডলারের বিপরীতে মেক্সিকান পেসোর দরপতন হয়ে এ যাবত্কালের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। বিনিয়োগকারীরা স্টকের মতো ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে দূরে সরে থাকছে। এক রাতের লেনদেনের মধ্যেই এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ফিউচারস পাঁচ শতাংশ দর হারিয়ে ‘সার্কিট ব্রেকার’ ভেঙে পড়েছে। বুধবার সকালে দিনের বাজার শুরুর আগে এর চেয়ে কম দামে তারা লেনদেন করতে পারবে না।
ইউরোপীয় শেয়ারগুলো ৪ শতাংশ দর হারিয়েছে। প্রত্যেকটি টেলিভিশনের ভবিষ্যদ্বাণীতে ট্রাম্পকে জয়ের কাছাকাছি দেখে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ছুটে। সেই কারণে বেড়েছে সভরেন বন্ড ও সোনার দাম, সঙ্গে বেড়েছে জাপানি ইয়েনের দরও।
ব্রেক্সিটের পর যে দরপতন হয়েছিল তাতে বিশ্ববাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার হারিয়েছিল। কিন্তু ট্রাম্পের জয়ের পর এর চেয়ে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের দর ১ দশমিক ৮ শতাংশ পড়ে গিয়ে শূন্য দশমিক ৯৬০৬ পয়েন্টে নেমেছে।
ইত্তেফাক/এএন
