খেজুর রস সংগ্রহে নওগাঁয় ব্যস্ত গাছিরা

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১১:০৮
শীতের আগমন স্পষ্ট হয়ে উঠেছে। জেলায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত হয়ে উঠেছেন গাছিরা। শীতের শুরু থেকেই পুরো মৌসুম জুড়ে খেজুর রস সংগ্রহ করে সুস্বাদু গুড় তৈরি করা শুরু করে দিয়েছেন। বাজারে উঠতে শুরু করেছে খেজুর গুড়।
 
সারা বছর অযত্নে অবহেলায় পড়ে থাকা গ্রাম-গঞ্জের খেজুর গাছের কদর বেড়েছে। স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে রাজশাহী এবং নাটোর জেলা থেকে গাছিরা জেলার বিভিন্ন অঞ্চলে অবস্থান নিয়ে গাছ থেকে রস সংগ্রহের কাজ আরম্ভ করেছেন। তারা নির্ধারিত অর্থের বিনিময়ে আবার কেউ কেউ নির্দিষ্ট পরিমাণ খেজুর গুড় দেয়ার চুক্তিতে পুরো মৌসুমের জন্য গাছ লিজ নিয়ে রস সংগ্রহ এবং সেই রস থেকে গুড় তৈরি করছেন। 
 
জেলার আত্রাই, রানীনগর, মহাদেবপুর, পোরশা, সাপাহার, নওগাঁ সদর, বদলগাছি উপজেলায় প্রচুর সংখ্যক খেজুরগাছ লক্ষণীয়। এসব এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে, জমির আইলে, রাস্তার পার্শ্বে, পতিত জমিতে সারি সারি খেজুর গাছ দেখা যায়। বর্তমানে এসব এলাকায় বাণিজ্যিকভাবে খেজুর বাগান গড়ে তুলছেন। নওগাঁ জেলার আবহাওয়া অনুকূলে থাকায় খেজুর চাষের অপার সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষি বিভাগের উপ-পরিচালক সত্যব্রত সাহা। 
 
নভেম্বর মাসের মাঝামাছি থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এই ৪ মাস খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা যায়। এসময় রস থেকে গুড় তৈরি হয়। কনকনে শীতে বাড়ির আঙ্গিনায় রোদে বসে খেজুরের রস পান করা গ্রাম বাংলার মানুষের এতিহ্য। একইভাবে সন্ধ্যাকালীন সময়ে গ্রামীন পরিবেশটা খেজুর রসে মধুর হয়ে উঠে। -বাসস।
 
 
ইত্তেফাক/এমআই