ভোলা সদরের ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আকলিমা আক্তার নাভিলাকে ধর্ষণের পর হত্যা করার ৮ দিনেও চিহ্নিত ঘাতকরা গ্রেফতার না হওয়ায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঘাতকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো।
সকাল ১১ টায় শহরের বাংলাস্কুল চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠনের নেতা মোবাশ্বির উল্ল্যাহ চৌধুরী, সহকারী অধ্যাপক জিনাত রেহানা, সাংস্কৃতিক কর্মী আবিদুল আলমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় বক্তরা ১০ দিনের আল্টিমেটাম ঘোষণা করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেয়া হয়। শহরে বিক্ষোভ মিছিলও করে আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত ২ নভেম্বর রাতে স্কুল ছাত্রী নাভিলাকে ঘরে একা পেয়ে ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মো. রফিক মিঝির ছেলে মাহফুজসহ সঙ্গীয়রা ধর্ষণের পর হত্যা করে বলে নিহতের পরিবার অভিযোগ করে আসছে। এ ঘটনায় নিহতের পিতা সিরাজুল ইসলাম বাদী হয়ে স্থানীয় ইউপি মেম্বার মো. রফিক মিঝির ছেলে মাহফুজ তার সঙ্গী হাকিম মিঝি,শামিম ও ইউসুফ এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০ জনের নামে ভোলা মডেল থানায় গত ৩ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করছে।
ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/আরএ
